জায়েদ হাসান, মোহনগঞ্জ:
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান অপসারণ, গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রাহকদের স্বার্থ সংরক্ষণের দাবিতে নেত্রকোনার মোহনগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৯.৩০টায় উপজেলার থানা রোডে ইসলামী ব্যাংকের মোহনগঞ্জ শাখার সামনে এ মানববন্ধনের আয়োজন করে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং গ্রাহকদের আমানতের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান। এ সময় তারা এস আলম গ্রুপ ও তাদের সহযোগীদের বয়কটের আহ্বান জানান। পাশাপাশি গ্রাহকদের ওপর পুলিশি হামলার অভিযোগের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানানো হয়।
গ্রাহক ফোরামের সভাপতি আসাদুজ্জামান আসাদ বলেন, অবৈধ চেয়ারম্যানের অপসারণ, আমানতের সুরক্ষা, গ্রাহকদের স্বার্থ রক্ষা, এস আলম ও ফ্যাসিস্টের দোসরদের বয়কট এবং গ্রাহকদের উপর নির্মম পুলিশি হামলার প্রতিবাদে আজকের মানববন্ধন। আমরা ইতোমধ্যে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি ১ ঘণ্টার কলম বিরতির আহ্বান করে আসছি।আমাদের মানববন্ধন বেলা ১১.০০টা পর্যন্ত চলবে।
