উপজেলা প্রতিনিধি, মদন (নেত্রকোনা) : নেত্রকোনার মদন উপজেলায় ছাত্রদলের সভাপতি পদ প্রার্থী হিসেবে প্রেস ব্রিফিং করেছেন চৌধুরী মোঃ নওশীন পাশা দীপু।
শনিবার দুপুরে মদন উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি নিজেকে ছাত্রদলের সভাপতি পদে প্রার্থী হিসাবে ঘোষণা করেন।
চৌধুরী মোঃ নওশীন পাশা দীপু মরহুম মজিবুর রহমান চৌধুরীর ছেলে। মরহুম মজিবুর রহমান চৌধুরী মদন উপজেলার যুবদলের নির্বাচিত দুই বারের সভাপতি এবং উপজেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। চৌধুরী মোঃ নওশীন পাশা দীপু এসআইইউবি ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সভাপতি প্রার্থী চৌধুরী মোঃ নওশীন পাশা দীপ প্রেস ব্রিফিংয়ে বলেন, আমি উপজেলা শাখার ছাত্রদলের সভাপতি হিসেবে নির্বাচিত হলে সংগঠন শক্তিশালী করবো। নতুন সদস্য সংগ্রহ, যোগ্য ও মেধাবী শিক্ষার্থীদেরকে সংগঠনে যুক্ত করবো।
তিনি আরও বলেন- নিয়মিত সভার আয়োজন করা, শিক্ষার্থীদের সমস্যা দ্রুত সমাধান করা, রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, উচ্চ পর্যায়ের সঙ্গে সমন্বয়, সামাজিক কার্যক্রম পরিচালনা, বিরোধ মীমাংসা, মাদক ও ইভটিজিং নির্মূল, আইন-শৃঙ্খলা মেনে চলাসহ সকল কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়ন করা এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের আদর্শ মেনে কাজ করবো।
