কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার কলমাকান্দায় পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) দুপুরে পূবালী ব্যাংক কলমাকান্দা উপ-শাখা প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পূবালী ব্যাংক পিএলসির ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান মোহাম্মদ হুমায়ুন মিয়া। তিনি বলেন, ডিজিটাল লেনদেনের মাধ্যমে স্বচ্ছতা, নিরাপত্তা ও সেবার মান বৃদ্ধি পায়। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে ক্যাশলেস ব্যবস্থার বিকল্প নেই। তিনি গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সেবা গ্রহণে উৎসাহিত করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পূবালী ব্যাংক পিএলসির নেত্রকোনা শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক মো. আমিনুর রহমান, ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার সৈয়দ আজহারুল ইসলাম এবং এডিসি জোনাল ইনচার্জ স্বপন বর্মন।
সভায় ব্যাংকের বিভিন্ন ডিজিটাল সেবা, মোবাইল ব্যাংকিং, অনলাইন লেনদেন, কিউআর কোডভিত্তিক পেমেন্ট এবং ক্যাশলেস অর্থনীতি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন, রেজাউল ইসলাম মণ্ডল (লিটু), মো. আলমগীর তালুকদার ও আব্দুল বারেক খোকন মিয়া। তারা ব্যবসা-বাণিজ্যে ডিজিটাল লেনদেন সম্প্রসারণে ব্যাংকের সহযোগিতা কামনা করেন।
পূবালী ব্যাংক কলমাকান্দা উপ-শাখার উপ-শাখা ব্যবস্থাপক সুব্রত ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক, সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভা শেষে অংশগ্রহণকারীরা ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে জনসচেতনতা বৃদ্ধি এবং আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
