নেত্রকোণা সংবাদদাতা।।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য (ডিসইনফরমেশন) ও অপপ্রচার প্রতিরোধে নেত্রকোণায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। এতে জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মরত সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, “তথ্যই শক্তি। বিভ্রান্তিকর তথ্য সামাজিক সম্প্রীতি নষ্ট করে দিতে পারে। এর ভয়াবহতা রোধে আমাদের পরিবার থেকেই সচেতনতা তৈরি করতে হবে।”
তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার করা উচিত নয়। অপপ্রচার ও মিথ্যা তথ্য সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে এবং সামাজিক স্থিতিশীলতা বিনষ্ট করতে পারে। এ বিষয়ে সাংবাদিকসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক উপস্থিত সাংবাদিকসহ সবাইকে অপপ্রচার রুখতে এবং মিথ্যা তথ্য প্রচার বা প্রদান থেকে বিরত থাকার নির্দেশনা দেন। একই সঙ্গে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য প্রচারের মাধ্যমে সচেতন সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
আয়োজক সূত্র জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও গুজব প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো এবং দায়িত্বশীল তথ্যচর্চা নিশ্চিত করতেই এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
