নেত্রকোণা সংবাদদাতা:
ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে নেত্রকোণার বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
এরই অংশ হিসেবে শনিবার সকালে নেত্রকোণা প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) প্রাঙ্গণে এক পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের উদ্যোগে এবং নেত্রকোণা পৌরসভার সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব খন্দকার মুশফিকুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) ও নেত্রকোণা পৌরসভার প্রশাসক জনাব মো. আরিফুল ইসলাম সরদার।
পরিচ্ছন্নতা অভিযান শেষে জেলা প্রশাসক পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিকভাবে মতবিনিময় করেন এবং তাদের লেখাপড়ায় মনোযোগী হওয়ার পাশাপাশি সুশৃঙ্খল, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত জীবনযাপনের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
জেলা প্রশাসক বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; এ ক্ষেত্রে সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সবাইকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার এবং কোথাও যাতে মশার প্রজননস্থল সৃষ্টি না হয় সে বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান।
প্রতি শনিবার সকাল ১০টায় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।
কর্মসূচিতে জেলা প্রশাসন, নেত্রকোণা পৌরসভা, পিটিআই, পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
