জায়েদ হাসান:
আগামী স্থানীয় নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে চেয়ারম্যান ও মেয়র প্রার্থীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৮ জুলাই সকাল ৯টায় জেলা প্রেসক্লাবের হল রুমে এ কর্মশালার উদ্বোধন করেন জেলা আমীর অধ্যাপক ছাদেক আহমেদ হারিছ।
কর্মশালায় নেত্রকোনা জেলার ৮৬টি ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী এবং জেলার ৫টি পৌরসভার ৫ জন মেয়র প্রার্থী উপস্থিত ছিলেন। প্রার্থীরা তাদের এলাকার গণসংযোগের বিভিন্ন তথ্য, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।
কর্মশালার প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ আব্দুর রব।
তিনি বলেন, “প্রার্থীদের জন্য আমাদের কিছু নির্দেশনা আছে। আপনার এলাকার মসজিদ, মন্দির, সামাজিক প্রতিষ্ঠান, সুশীল সমাজ, ব্যবসায়ী, শিক্ষক ও সাধারণ ভোটারদের সাথে ব্যাপকভাবে যোগাযোগ করতে হবে। ওয়ার্ড, ইউনিয়ন ও ইউনিট সংগঠনের দায়িত্বশীলদের সাথে সমন্বয় করে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা থাকতে হবে। প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক রাখতে হবে। যাতে মানুষ আপনার প্রতি ভালো ধারণা পোষণ করে। যার সাথে মানুষের যত বেশি ভালো সম্পর্ক, সে প্রার্থী নির্বাচনে তত বেশি ভোট পাবে।” এছাড়াও নির্বাচনে জয়লাভের জন্য নানান বিষয় তুলে ধরেন।
এ ছাড়াও কর্মশালায় জেলা নায়েবে আমীর অধ্যাপক মাহবুবুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা রুহুল আমিনসহ প্রত্যেক উপজেলার আমীর ও সেক্রেটারিগণ উপস্থিত ছিলেন।
