জায়েদ হাসান
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় চুরির অভিযোগে ইমন মিয়া (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার ১৮ জুলাই উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের গামরুলি গ্রামের পুরানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইমন মিয়া একই গ্রামের নুরুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় চুরিসহ নানান অভিযোগ ছিল। এসব কারণে তিনি বেশ কিছুদিন গ্রামছাড়া ছিলেন।
স্থানীয়দের অভিযোগ, শুক্রবার দিবাগত রাত ১৭ জুলাই পুরানবাড়ি গ্রামের একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ইমনের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। শনিবার পালিয়ে যাওয়ার সময় আঠারবাড়ি রেলওয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয় লোকজন ইমনকে আটক করেন। অভিযোগ রয়েছে, আটকের পর তাকে পেটাতে পেটাতে গ্রামে ফিরিয়ে আনা হয়। পরে গ্রামের মসজিদের সামনে বেঁধে রাখা হলে একপর্যায়ে তিনি মারা যান।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করি। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হচ্ছে।” ওসি আরও বলেন, “এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
তবে নিহতের বাবার সঙ্গে কথা হয়েছে। তিনি সিলেট থেকে রওনা হয়েছেন এবং এসে অভিযোগ করবেন বলে জানিয়েছেন। ময়নাতদন্তের প্রতিবেদন ও অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
