নিজস্ব প্রতিবেদক: মানবিক সেবার পরিধি বাড়াতে ও ভবিষ্যতে জরুরি রক্তের চাহিদা পূরণে রক্তদাতা ডাটাবেজ গঠনের লক্ষ্যে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রামপুর-গড়াডোবায় আল-ইসলাহ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ জুলাই ২০২৬) অনুষ্ঠিত এ ক্যাম্পে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রায় দুই শতাধিক ব্যক্তি বিনামূল্যে নিজেদের রক্তের গ্রুপ নির্ণয় করেন। পাশাপাশি অংশগ্রহণকারীদের তথ্য সংরক্ষণের মাধ্যমে ভবিষ্যতে জরুরি রক্তের প্রয়োজনে একটি কার্যকর রক্তদাতা নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়।
ক্যাম্পের উদ্বোধন করেন আল-ইসলাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি মাহবুবুর রহমান আবুল বাশার। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা আলী আহমদ, এমদাদুল হক হালিম মাস্টার ও আব্দুর রশিদ।
এছাড়া সার্বিক কার্যক্রম তদারকি করেন ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক কামরুল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ ফরহাদ হোসাইন, সদস্য সাইফুল্লাহ লিমনসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্য, স্বেচ্ছাসেবক ও শুভাকাঙ্ক্ষীরা।
উদ্বোধনী বক্তব্যে চেয়ারম্যান মুফতি মাহবুবুর রহমান আবুল বাশার বলেন, “মানবতার কল্যাণে কাজ করাই আল-ইসলাহ ফাউন্ডেশনের মূল লক্ষ্য। অনেক মানুষ নিজের রক্তের গ্রুপ জানেন না, অথচ জরুরি মুহূর্তে এটি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উদ্যোগের মাধ্যমে মানুষ যেমন বিনামূল্যে রক্তের গ্রুপ জানতে পারছেন, তেমনি ভবিষ্যতে প্রয়োজনে একে অপরের পাশে দাঁড়ানোর সুযোগও তৈরি হচ্ছে। আমরা চাই মানবিক এ কার্যক্রম আরও বিস্তৃত হোক এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকুক।”
ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা আলী আহমদ বলেন, “এই ক্যাম্পের মাধ্যমে শুধু রক্তের গ্রুপ নির্ণয়ই নয়, অংশগ্রহণকারীদের তথ্য সংরক্ষণ করে একটি রক্তদাতা তথ্যভান্ডার গড়ে তোলা হচ্ছে। ভবিষ্যতে কোনো রোগীর জরুরি রক্তের প্রয়োজন হলে এই তথ্যের ভিত্তিতে দ্রুত সম্ভাব্য রক্তদাতার সঙ্গে যোগাযোগ করা সহজ হবে। এটি মানবিক সেবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।”
ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মো. আরিফুল হক বলেন, “আল-ইসলাহ ফাউন্ডেশন মানবকল্যাণে নিবেদিত একটি সংগঠন। রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পের মতো জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে। এই আয়োজন সফল করতে যাঁরা অর্থ, শ্রম, সময় ও পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ তাআলা যেন তাঁদের উত্তম প্রতিদান দান করেন।”
আয়োজকরা জানান, ভবিষ্যতেও আল-ইসলাহ ফাউন্ডেশন বিনামূল্যে স্বাস্থ্যসেবা, স্বেচ্ছায় রক্তদান, রক্তদাতা সংগ্রহ, অসহায় মানুষের সহায়তা এবং বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যক্রম নিয়মিত পরিচালনা করবে।
