নিজস্ব প্রতিবেদক:
ময়মনসিংহের ধোবাউড়া ও নেত্রকোণার কলমাকান্দা সীমান্ত এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে মোট ৮৭ বোতল ভারতীয় মদ জব্দ করেছে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)। তবে দুটি অভিযানেই কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা যায়, রোববার (২৬ জুলাই) বিকেল আনুমানিক ৬টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা ব্যাটালিয়নের কচুগড়া বিওপির ৬ সদস্যের একটি বিশেষ টহল দল কলমাকান্দা উপজেলার ৬নং খারনই ইউনিয়নের বলমাঠ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত মেইন পিলার ১১৭৮/২-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ১২ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ ও ৮ বোতল ম্যাক ডুয়েলস ব্র্যান্ডের মদসহ মোট ২০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
একই দিন রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুন্সিপাড়া বিওপির ৬ সদস্যের আরেকটি বিশেষ টহল দল ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ১নং দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের কড়ইগড়া এলাকায় অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১১৪০/২-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৬৭ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
দুই অভিযানে জব্দ করা মোট ৮৭ বোতল ভারতীয় মদ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি।
নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি স্বাক্ষরিত পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
