মোহনগঞ্জ প্রতিনিধি :
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে দ্বিতীয় শ্রেণির ৮ বছর বয়সী এক শিশুকে জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে।
অভিযুক্ত সমির মিয়া (২০) উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের কমলপুর গ্রামের বাসিন্দা।
অভিযোগে বলা হয়, গত শনিবার ২৫ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে শিশুটি তার ৫ বছর বয়সী ভাইয়ের সঙ্গে প্রাইভেট শেষে বাড়ি ফিরছিল। এ সময় সমির মিয়া শিশুটিকে জোর করে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে হাত-মুখ বেঁধে ধর্ষণের চেষ্টা করে। ছোট ভাই বাধা দিলে তাকে মারধর করে ভয়ভীতি দেখানো হয়। পরে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়।
ঘটনার পর শিশুটির শরীরে আঘাতের চিহ্ন দেখা যায়। রোববার ২৬ জুলাই তাকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। একই দিন রাতে শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেন।
মোহনগঞ্জ থানার ওসি মো. হাফিজুল ইসলাম হারুন সোমবার ২৭ জুলাই বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকে সমির মিয়া পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
