জাকির আহমেদ :
নেত্রকোনার মদনে হিন্দু (সনাতন) ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন মিটু নামের এক যুবক। তার পিতা শ্রী চন্দন চন্দ্র বিশ্বশর্মা, মাতা অলকা রাণী বিশ্বশর্মা। তার বাড়ি মদন পৌর শহরের এমদাদপুর গ্রামে।
খোঁজ নিয়ে জানাযায়, মিটু ইসলাম ধর্মের প্রতি অনুপ্রাণিত হয়ে সোমবার (০৩ আগস্ট) বিকেলে নেত্রকোনা গিয়ে নোটারি পাবলিক এর মাধ্যমে নাম পরিবর্তন ও স্থানীয় হুজুরের কাছে কালিমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। মিটু থেকে নাম পরিবর্তন করে রেখেছেন মোঃ আব্দুল্লাহ। তার পিতা শ্রী চন্দন চন্দ্র বিশ্বশর্মা নওমুসলিম ছেলে আব্দুল্লাহ এর সাথে এ বিষয়ে কথা বলেছেন এবং ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করায় তাকে আশীর্বাদ করেছেন।
নওমুসলিম মোঃ আব্দুল্লাহ জানান, শৈশব থেকেই মুসলমান বন্ধুদের সাথে বড় হয়েছি। ছোটবেলা থেকেই ইসলাম ধর্মের প্রতি আমার দুর্বলতা ছিলো। ইসলামীক গান, গজল, ওয়াজ নিয়মিত শুনতাম। হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য অনেকের সাথে পরামর্শ করেছি। পরে ৩ আগস্ট নেত্রকোনায় গিয়ে নোটারি পাবলিকের মাধ্যমে নাম পরিবর্তন করেছি এবং আমার এলাকার মসজিদের ইমামের কাছে কালিমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করি।
তিনি আরও বলেন, আমার পরিবারে সৎ মা ও আপন দুই ভাই বোন রয়েছে। ইসলাম ধর্ম গ্রহণ করার বিষয়টি আমার বাবা মেনে নিয়েছে। আমি এখন অবিবাহিত মুসলমান। মুসলিম মেয়ে বিবাহ করে আমার জীবন যাপন শুরু করব ইনশাআল্লাহ্। অনেক মুসলিম ভাই আমাকে সার্বিক ভাবে সহযোগিতা করছে। তাছড়াও নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছি আলহামদুলিল্লাহ।
নওমুসলিম মোঃ আব্দুল্লার সৎ মা ছায়া রাণী বলেন, আমার ছেলে হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে তার নিজ ইচ্ছায়। আমরা আমাদের ধর্মে আছি তার জন্য আশীর্বাদ রইল।
উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম জানান, যেহেতু সে প্রাপ্তবয়স্ক তার নিজ ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সরকারি সুযোগ-সুবিধা থাকলে নিয়মানুযায়ী তাকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।
