মোঃ তরিকুল ইসলাম, দুর্গাপুর প্রতিনিধি:
নেত্রকোনার দুর্গাপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। রোববার (১১ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার বিরিশিরি পিসিনল উচ্চ বিদ্যালয় মাঠে আট দলের এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী ম্যাচে পৌরসভার দক্ষিণ পাড়া একাদশকে ১-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে গুজিরকোনা একাদশ।
দুর্গাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টারের আয়োজনে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়ামোদী ও দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। টুর্নামেন্টের প্রথম দিনের খেলায় মুখোমুখি হয় গুজিরকোনা একাদশ ও পৌরসভার দক্ষিণ পাড়া একাদশ। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে গুজিরকোনা একাদশ ১-০ গোলের কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছাড়ে।
আয়োজক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার বলেন, “যুবসমাজকে সুস্থ বিনোদনের সুযোগ করে দেওয়া, মাদকমুক্ত সমাজ গঠন এবং ক্রীড়াচর্চায় উদ্বুদ্ধ করতেই এই আয়োজন। ক্রীড়াঙ্গনের বিকাশের পাশাপাশি এর মাধ্যমে নতুন ও প্রতিভাবান ফুটবলার তৈরি হবে বলে আমরা আশাবাদী।”
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি এম. রফিকুল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক রিয়াজুল করিম রিপন, বিরিশিরি ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল ফকির, বাকলজোড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার খলিফা, সমাজসেবক মঞ্জুরুল হক মঞ্জু, পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, পৌর যুবদলের সদস্য সচিব আল ইমরান ও যুবদল নেতা সম্রাট গনিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আটটি দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলো ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা বিরাজ করছে।
