তরিকুল ইসলাম, দুর্গাপুর , প্রতিনিধি:
নেত্রকোনার দুর্গাপুরে পুলিশ এক বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে। সোমবার ভোরে উপজেলা সদরের মেনকিফান্দা গ্রামে এই অভিযান চালানো হয়।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের একটি চৌকস দল সোমবার ভোর সাড়ে চারটার দিকে দুর্গাপুর থানার মেনকিফান্দা গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানটির নেতৃত্বে ছিলেন দুর্গাপুর থানার এসআই রসুল সায়েদী আজাদ। তাঁর সাথে ছিলেন এসআই মোঃ স্বপন মিয়া, এসআই আসাদুজ্জামান, এএসআই আব্দুল কাইয়ুম ফকিরসহ সঙ্গীয় পুলিশ ফোর্স।
অভিযান চলাকালে ওই গ্রামের ইমান আলীর বসত বাড়ির পূর্ব পাশের পুকুর পাড় থেকে দুইটি প্লাস্টিকের বাজারের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগগুলো তল্লাশি করে এর ভেতর থেকে মোট ১৪০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়। তবে এ ঘটনায় মাদক কারবারিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মাদকদ্রব্যগুলো মালিকবিহীন অবস্থায় উদ্ধার দেখানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম নিশ্চিত করেছেন যে, জেলা পুলিশের মাদকবিরোধী এই ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
