নিউজ ডেস্ক :
বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলার নতুন সেশনের জেলা আমির হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন মাওলানা ছাদেক আহমাদ হারিছ। এর মাধ্যমে তিনি দ্বিতীয়বারের মতো নেত্রকোনা জেলা জামায়াতের আমিরের দায়িত্ব পেলেন। তিনি আগামী ২০২৭-২০২৮ সেশনের জন্য জেলা সংগঠনের নেতৃত্ব দেবেন।
গত ৩ অক্টোবর জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অফিস থেকে দেশের ৭৭টি জেলা ও মহানগরী শাখার আমির নির্বাচনের ফলাফল একযোগে ঘোষণা করা হয়। এই ঘোষণার পরই নেত্রকোনা জেলা জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়।
সংগঠন সূত্রে জানা গেছে, এর আগে নেত্রকোনা জেলা পাবলিক হলে উৎসবমুখর পরিবেশে জেলা আমির নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে জেলার পুরুষ ও নারী মিলিয়ে প্রায় ৮০০ জন রুকন (সদস্য) তাদের প্রত্যক্ষ ভোটাধিকার প্রয়োগ করেন। সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. মনজুরুল ইসলাম ভূঁইয়া।
পুনরায় নির্বাচিত হওয়ার পর জেলা জামায়াতের সর্বস্তরের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা মাওলানা ছাদেক আহমাদ হারিছকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
