নিউজ ডেস্ক
নেত্রকোনার আটপাড়ায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে।
এ সময় ওই শিক্ষিকার তলপেটে লাথি মারার পাশাপাশি তাঁকে পেটের সন্তানসহ পুড়িয়ে হত্যা এবং বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।
এসময় ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেনের নেতৃত্বে ৭০ থেকে ৮০ জন নেতাকর্মী জড়ো হয়ে তাঁর ওপর হামলা চালান বলেও অভিযোগ রয়েছে। সোমবার (১৬ নভেম্বর) নেত্রকোনার আটপাড়া উপজেলার তেলীগাতী ইউনিয়নের কাছারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষিকার নাম নিবেদিতা দেব। তিনি ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। । খবর পেয়ে বিদ্যালয়ের অন্য শিক্ষক ও অভিভাবকেরা তাঁকে উদ্ধার করেন।
নিবেদিতা দেব বলেন, তাঁরা অন্য জায়গায় বৈঠকে বসে তাঁকে সেখানে যাওয়ার জন্য খবর দেন। কিন্তু কীসের বৈঠক, তা জানেন না জানিয়ে তিনি তাঁদের বিদ্যালয়ের অফিসকক্ষে এসে কথা বলতে বলেন। এরপরই তাঁরা তাঁর ওপর হামলা চালান।
তিনি বলেন, ‘আনোয়ার হোসেন আমার তলপেটে লাথি মেরেছেন। নুরুজ্জামান খান পুতুলসহ আরও পাঁচ-ছয়জন আমাকে মারধর করেছেন। তাঁদের সঙ্গে ৭০-৮০ জন নেতাকর্মী ছিলেন। আমি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। আমার পেটের সন্তানের ক্ষতি হলে আপনারা দায়ী হবেন—এ কথা বলার পর তাঁরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। আমাকে ও আমার পেটের সন্তানসহ পুড়িয়ে মারার হুমকি দেন। বাড়িঘরও জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন।’
এ ঘটনায় উদ্বেগ ও নিরাপত্তাহীনতার কথা জানিয়ে প্রধান শিক্ষিকার স্বামী সৌমিত্র মজুমদার বলেন, বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে আনোয়ার হোসেন ও নুরুজ্জামান খান পুতুলসহ কয়েকজন তাঁর স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করেছেন। ঘটনার পর তাঁরা দুজন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এসেছেন। ইউএনও লিখিত অভিযোগ দিতে বলেছেন। এ কারণে তাঁরা অভিযোগ দিতে এসেছেন।
তবে শিক্ষককে মারধরের অভিযোগ অস্বীকার করে আনোয়ার হোসেন বলেন, তারা বিদ্যালয়ের পাশে ২০-৩০ জন নেতাকর্মী নিয়ে বৈঠক করছিলেন। প্রধান শিক্ষিকাকে বৈঠকে আসার জন্য খবর পাঠানো হলে তিনি তা গুরুত্ব দেননি। পরে তারা বিদ্যালয়ে গিয়ে দেখেন, ওই শিক্ষিকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজনকে নিয়ে বৈঠক করছেন। শিক্ষিকা কেন আওয়ামী লীগের লোক নিয়ে বৈঠক করছেন—সে বিষয়ে কেবল জানতে চাওয়া হয়েছিল। তাকে মারধর করা হয়নি।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী শিক্ষা কর্মকর্তা আহসান উল্লাহ মুকুল বলেন, ওই বিদ্যালয়ে বিদ্যোৎসাহী সদস্য নির্বাচন করা হয়েছে। তবে সভাপতি নির্বাচন এখনো বাকি রয়েছে। শিক্ষিকার ওপর হামলা ও মারধরের খবর তিনি শুনেছেন। তাঁকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। এবিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সভাপতি মাসুম চৌধুরী বলেন, ঘটনার বিষয়ে জেলা বিএনপির সাথে কথা বলে তাদেরকে ৭২ ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল কবীর বলেন, শিক্ষিকার ওপর হামলার খবর পেয়েছেন। এ বিষয়ে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
